পল্লী উন্নয়নে সরকারের প্রতিটি উদ্যোগ তাৎপর্যপূর্ণ : এরশাদ উল্লাহ

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, পল্লী উন্নয়নের প্রধান লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনগণকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা।
এ লক্ষ্য অর্জনে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ভিত্তি হিসেবে শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং পুরস্কার বিতরণ করা হয়।
এরশাদ উল্লাহ বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর খাল পুনঃখনন, কৃষি কার্ড বিতরণ, বৃক্ষরোপণসহ জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষ ইতোমধ্যে পেতে শুরু করেছে।
তিনি বলেন, পল্লী উন্নয়নকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নেওয়া প্রতিটি উদ্যোগ দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, অনলাইন জুয়া নিয়ন্ত্রণে জাতীয় সংসদে নতুন আইন পাস হয়েছে। তাঁর ভাষ্য, একটি পরিবারের একজন সদস্য জুয়ার সঙ্গে জড়িয়ে পড়লে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই এ ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। মাদক, অনলাইন ও অফলাইন জুয়া এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। স্বাগত বক্তব্য দেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভা পরিচালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, বিএনপি নেতা হাজী ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান এবং শহীদুল্লাহ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে জেলা যুবদল নেতা আবু আকতার ও উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই