ঘাঘট নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদরে ঘাঘট নদী থেকে সাদাদ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘাঘট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, এদিন দুপুর ১টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয় সাদাদ। নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাড়িতে থাকতো। সে স্থানীয় এসকেএস স্কুল এ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন ও ফায়ার সার্ভিস জানায়, পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হয় সাদাদ। অনুষ্ঠান শেষে বন্ধুদের নিয়ে ভেড়ামারা ব্রিজ এলাকায় নদীর পাড়ে ঘুরতে যায় সে। একপর্যায়ে অজান্তেই নদীতে পড়ে নিখোঁজ হয় সাদাদ। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের এক ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা ফায়ার সার্ভিস ও ডিফেন্স ষ্টেশনের অফিসার রিফাত আল মামুন বলেন, ঐ স্কুল ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ