নাগেশ্বরীতে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সড়ক, সেতু ও কালভার্টের উন্নয়ন এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, নির্বাচনী এলাকার ২৪টি ইউনিয়নে প্রায় দুই শতাধিক রাস্তা, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণ, সংস্কার ও মেরামতের প্রস্তাব ইতোমধ্যে জাতীয় সংসদে পাঠানো হয়েছে।সোমবার (২৬ অক্টোবর) নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আবদুল হামিদ, নাগেশ্বরী উপজেলা আমির মাওলানা আবদুল মান্নান ও আফজাল হোসেন।
এ সময় সন্তোষপুর ইউনিয়ন শাখার সভাপতি হায়দার আলী, সেক্রেটারি খবির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, তাঁর নির্বাচনী এলাকার সন্তোষপুর ইউনিয়নের তালতলা থেকে নাওডাংগা সেতু পর্যন্ত এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি নাওডাংগা সেতুসহ নির্বাচনী এলাকার বিভিন্ন রাস্তা, সেতু ও কালভার্ট পুনর্নির্মাণ, সংস্কার ও মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এসব উন্নয়নকাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে এবং স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে।
সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সন্তোষপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে খবির উদ্দিন কাজীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম। একই সঙ্গে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সম্ভাব্য সদস্য প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/সু.পা