শ্রীপুরে শিক্ষককে রাজসিক সম্বর্ধনা

গাজীপুরের শ্রীপুরের ঐতিহ্যবাহী যোগীরছিট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের অবসরকালীন বিদায় উপলক্ষে রাজসিক সম্বর্ধনা প্রদান করেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি,ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের এই অবসর গ্রহণকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া হয় এই অভূতপূর্ব রাজকীয় সংবর্ধনা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে প্রিয় শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয় সম্মানের সাথে বিদ্যালয় থেকে বাড়িতে পৌছে দিয়ে বিদায় জানানো হয়।
বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে ছুটে আসেন ১৯৯৮ সাল থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের কয়েক হাজার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। এসময় তারা তাদের প্রিয় শিক্ষকের হাতে বিভিন্ন সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেন। এছাড়া স্কুল শিক্ষকদের পক্ষ থেকেও তাকে নগদ অর্থ ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল হাই চেয়ারম্যান, সাহাব উদ্দিন বিএসসি। কাওরাইদ কালীনারায়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হাসান মন্ডল। কাওরাইদ ইউনিয়ন বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক আবুল কাশেম, সাইফুল ইসলাম সোহেল মাস্টারসহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ হাজারো মানুষ অংশ নিয়ে বিদায়ী শিক্ষকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
মো. সাখাওয়াত হোসেন দীর্ঘ ৩৭ বছর ধরে নিষ্ঠার সাথে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তার হাত ধরে হাজারো শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠেছেন।প্রধান শিক্ষকের দ্বায়িত্ব পালন কালে বিদ্যালয়ের পাঠোন্নয়নের পাশাপাশি ব্যাপক একাডেমিক উন্নয়ন সাধিত হয়।
ভোরের আকাশ/নি