মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক সীমান্ত পারাপার) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর ও সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শুক্রবার ( ১৯ জুন) ভোরে সীমান্তের শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয়রা। এ সময় বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান গ্রহণ করে। বিজিবির অনড় অবস্থানের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিরা সীমান্ত এলাকা থেকে ওপারেই সরে যেতে বাধ্য হয়।
স্থানীয়দের দাবি, পুশইনের চেষ্টা করা চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তারা বাংলাদেশি নাকি ভারতীয় নাগরিক—সে বিষয়ে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল, তার নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে সীমান্ত এলাকায় অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করার পর তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুরের ওই সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। সেখান থেকেই এই পুশইনের চেষ্টা করা হয়েছিল। এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।
বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, শুক্রবার ভোরে বৃষ্টির আগে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং ফিরে যেতে বাধ্য হয়। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের পুশইন বা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।
সীমান্তে পুশইনের এমন আকস্মিক চেষ্টার পর স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও, বিজিবির সময়োপযোগী ও কঠোর পদক্ষেপের কারণে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ভোরের আকাশ/এনউব