সিরাজদীখানে ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান ভূমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। বুধবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের কাকালদী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা আহমেদ সোহাগ ও স্পেন প্রবাসী শাহ আলম জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন। তারা জমিটি কিনতে চাইলে মালিকপক্ষ তা বিক্রি করতে অস্বীকৃতি জানায়। পরে প্রভাব খাটিয়ে স্পেন প্রবাসী শাহ আলম আর আহমেদ সোহাগ প্রভাব খাটিয়ে জোর করে জমিটি দখল করেন এবং সেখানে তাদের নামে সাইনবোর্ড লাগায়।
ভুক্তভোগীরা আরও বলেন, বিষয়টি নিয়ে গত ৭ জুন থানায় লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগের ১৭ দিন পার হলেও পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেনি বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
অভিযোগ অস্বীকার করে স্পেন প্রবাসী শাহ আলম বলেন,আমি আমার এলাকায় এমন কোন কাজ করি নাই, আমাকে মানুষ খারাপ বলবে। আমি জায়গা কিনতে চাই নাই, তারা নিজেরা আমার কাছে বিক্রি করেছে। সকল ডকুমেন্ট আমার কাছে আছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, তিনি ৭ জুনের পর থানায় যোগদান করেছেন। বিষয়টি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না, তবে এখন অবগত হয়েছেন।
ভোরের আকাশ/এনউব