নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
দায়িত্বহীনতার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
পুলিশ জানায়, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে মিশাল নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফতুল্লার কাশিপুর ব্যাংক কলোনি এলাকা থেকে সন্দেহভাজন ফরহাদ আহম্মেদ (২৩) ও হাসান (২১) নামে আরও দুই যুবককে আটক করা হয়। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিশাল শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সুপার জানান, সোমবার গভীর রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মিশালকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই হওয়া পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরপর ফরহাদ আহম্মেদ ও হাসানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া দায়িত্বহীনতার কারণে এসআই লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সোমবার ভোর ৬টার দিকে শহরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। এ সময় নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করলে তার মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। এক পর্যায়ে তারা তার সরকারি পিস্তলটি ছিনতাই করে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে পুলিশ এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করা হয়।
ভোরের আকাশ/ র.ই