প্রতিমন্ত্রী ও অতিরিক্ত প্রেস সচিবের উপস্থিতিতে
দৈনিক বগুড়ার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের জামিল নগরস্থ করতোয়া কনভেনশন সেন্টারে বেলুন ওড়ানো, আলোচনা সভা এবং সুধী সমাবেশের মধ্য দিয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পত্রিকাটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজাউল হাসান রানু।
সংবাদপত্রটির ইতিহাস ও পটভূমি স্মরণ করে স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন, "২০০২ সালের ১৭ই অক্টোবর বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং বগুড়ার কৃতি সন্তান তারেক রহমান নিজের হাতে ‘দৈনিক বগুড়া’ পত্রিকার উদ্বোধন করেছিলেন। সেদিন স্থানীয় জেলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
পত্রিকার নামকরণ প্রসঙ্গে বলা হয়, একাধিক নাম প্রস্তাব করা হলেও শেষ পর্যন্ত বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী নিজেই ‘দৈনিক বগুড়া’ নামটি পছন্দ ও অনুমোদন করেছিলেন। মূলত তাঁরই অনুপ্রেরণা ও সার্বিক দিকনির্দেশনায় সে সময় এই পত্রিকাটি আলোর মুখ দেখেছিল।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম নানা প্রতিকূলতার মধ্যেও পত্রিকার নিয়মিত প্রকাশনা ব্যাহত না হওয়ায় সম্পাদক ও পরিচালনা পর্ষদের প্রশংসা করেন। তিনি বলেন, সময়ের পরিক্রমায় পত্রিকাটি চার পাতা থেকে আট পাতায় উন্নীত করা সম্ভব, পাশাপাশি রঙিন সংস্করণ ও অনলাইন প্ল্যাটফর্ম ও চালু করা সম্ভব।
জেলার সার্বিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, "সম্প্রতি একনেক সভায় বগুড়া জেলার অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদিত হয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে জেলার প্রতিটি জনপদের মানুষ এই প্রকল্পের সুফল পাবে।"
এছাড়া চারমাথা থেকে কামারগড়ির মোড় হয়ে স্টেডিয়াম পর্যন্ত সড়ক সম্প্রসারণের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন , "চলতি মাসের শেষ অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী বগুড়া সফরে আসবেন। সফরকালে তিনি বহুল কাঙ্ক্ষিত করতোয়া নদী পুনর্খনন, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন সংযোগের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রস্তাবিত ড্রোন উৎপাদন শিল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।"
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া ওয়াসা, প্রস্তাবিত বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যোগ্য ব্যক্তিবর্গের মূল্যায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ব্যক্তিগত স্বার্থ বা অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে যেন এলাকার সার্বিক উন্নয়ন ব্যাহত না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, "বগুড়ার কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ও ব্যক্তিগত মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দীর্ঘ ২৪ বছরের পথচলায় নানা প্রতিকূলতা সত্ত্বেও দৈনিক বগুড়া যেভাবে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে, তার জন্য পত্রিকার সম্পাদক, সাংবাদিক, কর্মচারী এবং সংবাদপত্র হকারদের অবদান প্রশংসনীয়।"
তিনি আরও জানান, বগুড়ার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ গুরুত্ব ও দিকনির্দেশনা রয়েছে, যা এই অঞ্চলের আধুনিকায়নে বড় ভূমিকা রাখছে।
তিনি বিশেষভাবে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু প্রসঙ্গে উল্লেখ করেন যে, অতীতে হকারদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে এবং নানা ত্যাগের মাধ্যমে তিনি তাঁর প্রতিষ্ঠান এ অঞ্চলকে টিকিয়ে রেখেছেন, তাঁর সেই অবদান ও আদর্শ আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানের শুরুতে বেলুন ওড়ানো এবং আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে দৈনিক বগুড়া পরিবারকে শুভেচ্ছা ফুলের তোড়া প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসানাত আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, দৈনিক করতোয়া সম্পাদক ও বাসস পরিচালক মোজাম্মেল হক লালু এবং বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।
প্রবীণ ও নবীন সংবাদকর্মী, প্রশাসনিক কর্মকর্তা, সুধী সমাজ এবং রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে বগুড়ার সামগ্রিক উন্নয়নের এক মেলবন্ধনে পরিণত করে।
ভোরের আকাশ/রই