হাসপাতালকে মাদকের আস্তানায় পরিণত, ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার

রোগী সেবার পবিত্র স্থান হাসপাতালকে মাদকের আস্তানায় পরিণত করার অভিযোগে চাঁদপুরের কচুয়ায় ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী (৩৫) নামের এক চিকিৎসককে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার বিকেলে উপজেলার কচুয়া বাজারস্থ 'সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার'-এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু: মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নেন পরিদর্শক মেহেদী হাসান, এএসআই তোফায়েল আহমেদ ও বেলায়েত হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ভবনের তৃতীয় তলার পশ্চিম পাশে চিকিৎসকের ব্যক্তিগত ও আবাসিক কক্ষে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে ৪ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের কাজে ব্যবহৃত ২ রোল ফুয়েল পেপার, ২২টি কাগজের পাইপ এবং ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। চিকিৎসকের ব্যক্তিগত কক্ষ থেকে মাদক উদ্ধারের ঘটনায় পুরো হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ও থমথমে অবস্থার সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু: মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসক হাসপাতালের ভেতরে মাদকের ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিলেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে আটক করা হয়।
চিকিৎসা পেশার মতো একটি পবিত্র পেশাকে কলুষিত করার অভিযোগে অভিযুক্ত এই চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/এনউব