বগুড়া-৬ আসনের উপনির্বাচন
বিএনপির প্রার্থী বাদশা নির্বাচিত

জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) শূন্য আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে বিএনপি মনোনীত প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। মোট তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অপর জন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে পেয়েছেন ৪৯৯ ভোট। রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ ফজলুল করিম তার কার্যালয়ে ভোট গণনা শেষে রাত ৯ টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ১৫০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, বগুড়া-৬ আসনটি বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন| এর মধ্যে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৫৮৯ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৭১০ ভোট| প্রদত্ত ভোটের শতকরা হার ৪২ দশমিক ৫৭ শতাংশ।
বৃহস্পতিবার বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে জানা যায়, সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের মোবাইল টিম মাঠে কাজ করেছে। ফলাফল সিট গ্রহণ করেন বিএনপির প্রার্থী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম আহসান তৈয়ব জাকির, সহ-সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, এনামুল হক শাহিন, অর্থ বিষয়ক সম্পাদক এনামুল হক সুমন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ময়নুল হক বকুল, সহ-শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রিপন, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক মঞ্জু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন বিএনপির চেয়ারম্যান বগুড়া কৃতি সন্তান তারেক রহমান। তিনি একাধিক আসনে নির্বাচিত হওয়ায় বগুড়া-৬ (সদর) আসনটি ছেড়ে দেন। একারণে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/এনএস