মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

মাগুরা সদর থানার বাটিকাডাঙ্গা চার রাস্তার মোড়ে স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করে উভয় পক্ষের ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ঘটনার পরপরই মাগুরা জেলা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সুমন বিশ্বাস (৩৩), জামিল শেখ (৩১), মো. রবিন খান (৩১), বাচ্চু মিয়া (৪৬), মো. সাইফুল ইসলাম (৪৪), মো. ওসমান (২৩), মো. সাব্বির হোসেন (২৫), মো. হাফিজুল ইসলাম (২৭), শান্ত বিশ্বাস (১৯), মো. আরিফ শেখ (৩৫), মো. আনোয়ার হোসেন, মো. মনিরুল শেখ, মোছা. শিকা বেগম (২৬) ও আবুল হোসেন আবু (৫৬)।
এ ঘটনায় মাগুরা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া, ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, পিপিএম বলেন, “সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে দল-মত নির্বিশেষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ র.ই