২০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক মাস বয়সী এক কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে।
শিশুটির মৃত্যুর মিথ্যা তথ্য দিয়ে স্বজনদের বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও দাদির সন্দেহের কারণে বিষয়টি সামনে আসে। পরে পুলিশের অভিযানে হাটহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে হাটহাজারী উপজেলার বড় দিঘির পাড় এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপ এলাকার সফি মেম্বার বাড়ির বাসিন্দা সিএনজি অটোরিকশাচালক মো. রাকিব (১৮) একই এলাকার রোকনা বেগমের (১৮) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত ২০ জুন তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়।
সন্তান জন্মের কিছুদিন পর রোকনা শিশুটিকে নিয়ে বাবার বাড়িতে যান। রাকিবের দাদি ফিরোজা বেগমের অভিযোগ, গত ২৭ জুলাই তাদের জানানো হয় শিশুটি মারা গেছে এবং তাকে দাফনও করা হয়েছে।
তবে বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে পরদিন রোকনার বাবার বাড়িতে যান ফিরোজা বেগম। তিনি শিশুটির কবর দেখানোর কথা বললে পরিবারের সদস্যরা কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। এরপর তিনি বোয়ালখালী থানায় অভিযোগ করেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে হাটহাজারীর বড় দিঘির পাড় এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে দেওয়া হয়েছে। পরে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, তদন্তের ভিত্তিতে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রোববার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/রই