দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল বাসী মন্ত্রী পেলো

দীর্ঘ প্রায় ৩৬ বছর পর টাঙ্গাইল-০৫ (সদর) আসনে সুলতান সালাউদ্দিন টুকুকে প্রতিমন্ত্রী হিসেবে পেয়েছে জনগণ ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে মন্ত্রী সভার শপথ অনুষ্ঠানে কৃষি, খাদ্য এবং মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এর আগে সে দীর্ঘদিন কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ দফা কারাভোগ করেন। এ সময় টুকু মোট প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে তাকে।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট।
সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ (ভুয়াপুর ও গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির রাজনীতিতে এই দুই ভাইয়ের কারাবরণ,নির্যাতন ও আওয়ামী সরকারের হয়রানির শিকার হন। দলে তাদের সর্বোচ্চ ত্যাগের কারণে দলের চেয়ারম্যান তারেক রহমান সালাউদ্দিন টুকুকে মূল্যায়ন করেছেন বলে মনে করছেন সাধারণ জনগণ।
জানা যায়, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রীসভার স্থান পান টাঙ্গাইলের কৃতি সন্তান জননেতা আব্দুল মান্নান। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রীসভায় স্থান পান টাঙ্গাইল সদরের ছেলে আব্দুর রহমান। তিনি গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
হোসাইন মোহাম্মদ এরশাদের মন্ত্রী সভায় স্থান পান টাঙ্গাইল সদর আসরের আরেক কৃতি সন্তান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহমুদুল হাসান। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এর পর গত প্রায় ৩৬ বছর পর টাঙ্গাইল সদরের জনগণ মন্ত্রী পেলেন।
এর ফলে টাঙ্গাইল চরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন যমুনা নদীর বেড়িবাঁধ নির্মাণ, মাহমুদনগরে ব্রিজ স্থাপন, শহরের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুব্যবস্থা সহ ব্যাপক উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে সুলতান সালাউদ্দিন টুকু এ সব উন্নয়ন কর্মের প্রতিশ্রুতি দিয়েছেন ভোটারদের কাছে।
শপথ নেওয়ার পরই সুলতান সালাউদ্দিন টুকু"কে কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব প্রদান করায় জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে টাঙ্গাইল শহরে একটি আনন্দ মিছিল বের হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গনে তার পক্ষ থেকে জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।
এ সময় তিনি বলেন, আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকু বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন। আজ মন্ত্রী হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার এ প্রাপ্তির মধ্য দিয়ে তিনি টাঙ্গাইলের উন্নয়নে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর ধানের শীষে ভোট দিয়েছি। সুলতান সালাউদ্দিন টুকু ভাই বিপুল ভোটে এমপি হয়েছে। দীর্ঘ ৩৬ বছর টাঙ্গাইল সদরে আমরা মন্ত্রী পেয়েছি এ:জন্য আমরা আনন্দিত। আশা রাখি সে পিছিয়ে থাকা টাঙ্গাইল সদরে উন্নয়ন অগ্রযাত্রাকে আরো গতিশীল করবে।
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতালার কাছে লাখো শুকরিয়া। দীর্ঘদিন টাঙ্গাইল-৫ (সদর) আসন কোন মন্ত্রী ছিল না। সুলতান সালাউদ্দিন টুকুকে মন্ত্রী হিসেবে পাওয়ায় নেতাকর্মীসহ সদর বাসী অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বাসিত। এ জন্য টাঙ্গাইল সদরে জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই।
ভোরের আকাশ/ র.ই