কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ৪৮ ঘণ্টায় এসব অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, কসমেটিকস, গবাদিপশুসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ১৬ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক (পিএসসি) বলেন, সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধের বিরুদ্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিহত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা