মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটি গঠিত

প্রণব শিকদার দুলালকে সভাপতি ও রুহিদাস তরফদারকে সাধারণ সম্পাদক করে মানিকগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনে প্রণব শিকদার দুলাল সভাপতি এবং রহিদাস তরফদার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেলে জেলা শহরের প্রাণকেন্দ্র শ্রীশ্রী আদ্যমাতা কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে এই কমিটি অনুমোদিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বাসুদেব গোস্বামীর সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক অনির্বাণ পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা এবং কেন্দ্রীয় সহ-সভাপতি তাপস পাল।
এছাড়া আমন্ত্রিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা বিএনপির মুখপাত্র অ্যাডভোকেট নুর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত বিশেষ সাবজেক্ট কমিটির পর্যালোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য প্রণব শিকদার দুলালকে সভাপতি এবং রহিদাস তরফদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অনির্বাণ পালকে জেলা কমিটির সহ+সভাপতি এবং বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি বাসুদেব গোস্বামীকে জাতীয় পরিষদের সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি দুলাল শিকদার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, মানিকগঞ্জের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখা, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং জেলার প্রতিটি উপজেলা ও তৃণমূল পর্যায়ের পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় জোরদারের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নবগঠিত এই কমিটি কাজ করে যাবে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকল শ্রেণী পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভোরের আকাশ/ র.ই