চাঁদপুরে মাদকমুক্ত যুবসমাজ গড়তে ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা

মাদকমুক্ত যুবসমাজ গঠন এবং গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতে চাঁদপুরের হাইমচর উপজেলার কমলাপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা খেলা।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় কমলাপুর দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। স্পেন প্রবাসী শোভন মিয়ার উদ্যোগে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী। এ সময় এলাকার ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলায় অংশগ্রহণকারী এবং বিভিন্ন বয়সী দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ খেলার মাধ্যমে স্থানীয় মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
খেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সাবান এবং শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হয়।
আয়োজকরা মনে করেন, তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ভোরের আকাশ/আ.র