শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০ বসতঘর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) ভোরে উপজেলার তেলিহাটী ইউনিয়নের আবদার জৈনা বাজার এলাকায় মো. রবি মিয়ার ভাড়াবাড়িতে এ ঘটনা ঘটে। আগুনের আতঙ্কে আশপাশের বসতঘরের লোকজন ঘর থেকে মালামাল বের করে রাস্তায় অবস্থান নেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয়রা ব্যাপক আতঙ্কে পড়ে যান।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলম মিয়া জানান, হঠাৎ করেই বৈদ্যুতিক তারে আগুন দেখতে পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই ঘরের ভেতরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এবং একের পর এক কক্ষ আগুনে জড়িয়ে যায়। স্থানীয়রা নিজেদের চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে মাওনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত মোফাজ্জল হোসেন বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে ঘর থেকে বের হই। আমার ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই বের করতে পারিনি। শুধু দুই সন্তানকে নিয়ে বের হতে পেরেছি। আজ আমি একেবারে নিঃস্ব।
দ্বিতীয় শ্রেণির ছাত্রী মারিয়া আক্তার বলেন, আজ আমার ভর্তি পরীক্ষা ছিল। প্রবেশপত্রসহ আমাদের ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন কোথায় যাব, কী খাব, কোথায় ঘুমাব কিছুই বুঝতে পারছি না। আমরা পথে বসে গেছি।
মাওনা ফায়ার সার্ভিসের ফায়ার ইন্সপেক্টর নুর করিম জানান, সকাল ৬টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে দুইটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে পাশের একটি পোশাক শিল্প প্রতিষ্ঠান থেকে পানি এনে সকাল ৮টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। বাড়িতে প্রবেশপথ সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভোরের আকাশ/এসএইচ