ঈশ্বরদীতে সোহগ হত্যা মামলায় ৭ জনের নামে মামলা দায়ের

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ হত্যার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ আরও ৮/১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহত সোহাগের বাবা ইমানুল প্রামাণিক রোববার (৫ এপ্রিল) রাতে ঈশ্বরদী থানায় এজাহার দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে সাঁড়া গোপালপুর স্কুলপাড়া এলাকায় সোহাগ ও তার বন্ধুরা অবস্থান করছিলেন। এ সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাদের ধাওয়া করে। একপর্যায়ে সোহাগকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সোহাগ ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। নিহতের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহত ইমরান হোসেন সোহাগ ছাত্রদল নেতা এবং ঈশ্বরদী উপজেলা জিয়া সাইবার ফোর্স-এর সদস্য সচিব ছিলেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, নিহত সোহাগের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করেছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/এনউব