সিংগাইরে ওষুধ বিক্রিতে অনিয়মের অভিযোগে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নমুনা ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় চারটি ফার্মেসিকে মোট ১৯ হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সিংগাইর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীন কবির।
অভিযানে নমুনা ওষুধ বিক্রির দায়ে জয় ফার্মেসির মালিক বিকাশ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধুবী ফার্মেসির মালিক আশিশ কুমারকে ২ হাজার টাকা এবং আলী ফার্মেসির মালিক মোহাম্মদ আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীন কবির বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা