দক্ষিণাঞ্চলে জামায়াতের প্রথম নির্বাচনি জনসভায় মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরাঞ্চলের নির্বাচনি প্রচার শেষ করে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম জনসভা করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৬ জানুয়ারি ) সকাল ৯টায় কুষ্টিয়া শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এই নির্বাচনি জনসভা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এ জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন।
সকাল ৮টায় সরেজমিনে দেখা যায়, জনসভাস্থলে প্রবেশে কুষ্টিয়া জেলার আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও জামায়াতে ইসলামীর স্বেচ্ছাসেবকরা প্রবেশের নিয়মিত তদারকি করছেন। কুষ্টিয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে সমাবেশস্থলে আসছেন। নেতাকর্মীরা অনেকে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সহ দলীয় মনোগ্রাম সম্বলিত ব্যাচ, টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পড়ে এসেছেন।
শহর যুব বিভাগের মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, জামায়াতে আমিরকে কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় আজ বরণ করা হবে। জনসভায় ২ লক্ষাধিক লোকের সমাগম হবে। এই জনসভার মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে।
এদিকে, জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে জেলা পুলিশ। এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে।
জামায়াতে আমির ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের পাশের ভবনে টাঙানো হয়েছে দলের প্রধানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। এ সফরে সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম, দুপুর ১২টায় মেহেরপুর, চুয়াডাঙ্গা বিকেল সাড়ে ৪টায় ও ঝিনাইদহে সন্ধ্যা ৬টায় নির্বাচনী মহাসমাবেশে অংশ নেবেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান।
ভোরের আকাশ/এসএইচ