বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের দায়ে জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি বাড়িতে মজুত করে রাখা ৪৭ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় বাড়ির মালিকের ছেলে সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহরাব আল আকাশ। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম আসিফ হাসান উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় সুজন মিয়ার বাড়িতে মজুত করে রাখা বিভিন্ন ধরনের ৪৭ বস্তা সার পাওয়া যায়। পরে সারগুলোর মজুত ও সংরক্ষণের বৈধতা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সার মজুতের বিষয়ে যথাযথ কাগজপত্র না থাকায় সুজন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুত করা সারগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা সার কৃষকদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত দামে বিক্রি কিংবা নির্ধারিত ব্যবস্থার বাইরে সরবরাহের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কৃষকদের স্বার্থ রক্ষায় সার মজুত ও বাজারজাতকরণে অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা