মাগুরায় লক্ষাধিক শিশু ২০ এপ্রিল হাম-রুবেলা টিকা পাবে

মাগুরা জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী লক্ষাধিক শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শামীম কবির। বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সুরভি আক্তার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলায় এ টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। মাগুরার চারটি উপজেলায় মোট ৯৬০টি কেন্দ্রে ১ লাখ ১৩৫ জন শিশুকে এ টিকা প্রদান করা হবে। এর মধ্যে মাগুরা সদরে ২৯ হাজার ৯৭৬ জন, মহম্মদপুরে ২৩ হাজার ৭৭৮ জন, শালিখায় ১৬ হাজার ৩৮৬ জন এবং শ্রীপুরে ১৬ হাজার ৯৯৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। ক্যাম্পেইন সফল করতে প্রতিটি কেন্দ্রে ৩ জন স্বাস্থ্য সহকারী ও ২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ভোরের আকাশ/ র.ই