বরিশালবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আবু নাসের রহমাতুল্লাহ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি, ধৈর্য ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শ থেকেই মানুষ আত্মত্যাগ ও মানবকল্যাণে উদ্বুদ্ধ হয়। ঈদের এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা প্রয়োজন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পরিপূর্ণতা পায়। তাই সামর্থ্যবানদের প্রতি তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশাল একটি শান্তিপ্রিয় ও সম্প্রীতির জনপদ। এই অঞ্চলের মানুষের ভালোবাসা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সবসময় প্রশংসনীয়। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহা বরিশালবাসীর জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনবে।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করেন।
ভোরের আকাশ/এম