বাউফলে কোটি টাকার সেতুতে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি গার্ডার সেতুতে দেখা দিয়েছে নির্মাণসংক্রান্ত নানা অসংগতি।
বিশেষ করে সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ) ও গাইড ওয়ালের ত্রুটি নজরে আসায় সরেজমিনে পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
একই সঙ্গে এসব ত্রুটি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম নুরাইনপুর-রামনগর খালের ওপর নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি পরিদর্শনে যান ইউএনও। এ সময় সেতুর দুই পাশের সংযোগ সড়ক ও গাইড ওয়ালের বিভিন্ন অসংগতি পর্যবেক্ষণ করেন তিনি।
সেতুটি যেন নির্বিঘ্নে যানবাহন চলাচলের উপযোগী হয়, সে লক্ষ্যে দ্রুত ত্রুটিগুলো দূর করার নির্দেশনা দেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজের মান সন্তোষজনকভাবে নিশ্চিত না হলে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বলেন, তিনি সম্প্রতি বাউফলে যোগদান করেছেন। ২০২৩-২৪ অর্থবছরে সেতুটির নির্মাণকাজ সম্পন্ন হয়। সেন্টারিংয়ের ত্রুটির কারণে সেতুটির সৌন্দর্যবর্ধনের কাজ যথাযথভাবে হয়নি। পাশাপাশি অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সংশোধনের জন্য ঠিকাদারকে বলা হয়েছে।
পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটির নির্মাণমান ও বিভিন্ন ত্রুটি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেতুটি পরিদর্শন করে উপজেলা প্রশাসন।
ভোরের আকাশ/রই