গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন,এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ

গাইবান্ধা সদর উপজেলার উত্তর ধানঘড়া গ্রামের চারমাথা এলাকায় মাদকবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া গ্রামের চারমাথা এলাকায় সচেতন যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
“মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে যুব সমাজের পক্ষে বক্তব্য দেন মেহেদী হাসান মারুফ। তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রুহুল আমিন রঞ্জু মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অপরদিকে, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলম মিয়া (মহুরী) মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আব্দুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন হান্নান সরকার মিন্টু। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক ফরহাদ হোসেন, প্রভাষক জাহিদ হাসান সাগরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে এলাকাবাসীর কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়, যা মাদকবিরোধী জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
বক্তারা “মাদককে না বলি, সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এলাকাবাসীর মতে, এ ধরনের উদ্যোগ মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে বৃহত্তর সামাজিক আন্দোলনের পথ সুগম করবে।
ভোরের আকাশ/এনউব