মেহেরপুর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুর মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দুপুর তিনটার দিকে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় এ অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
আটক ব্যক্তিরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল ইসলাম (৫০) এবং একই গ্রামের জুয়েল হোসেন (৩০)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আগে থেকেই অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। দুপুর ১ টার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যেতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের দুজনকে আটক করা হয়।
পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ কেজি ৯৪১ গ্রাম ওজনের ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানিয়েছে, আটক দুই পাচারকারীকে মুজিবনগর থানায় সোপর্দ এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে স্বর্ণ চোরাচালান ও মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই