নওগাঁর মান্দায় অবৈধ দুই ইটভাটাকে জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর । এ সময় দুটি মামলায় ইটভাটার মালিকপক্ষকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয় । পাশাপাশি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে জেলার মান্দা উপজেলার কুসুম্বা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে পরিচালিত মেসার্স সাদিক ব্রিকস ও মেসার্স সীমানা ব্রিকস নামের দুটি ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয় । এসব মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় ।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান বলেন, ভাটার যথাযথ কাগজ পত্র না থাকায় দুই ইটভাটার মালিকে এই মোবাইল কোটে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত চৌধুরী।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল মোবাইল কোর্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে। পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
ভোরের আকাশ/সু.পা