বাঘায় দুই দশকেও চালু হয়নি ডায়াবেটিস সেন্টার

রাজশাহীর বাঘা উপজেলায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছিল একটি ডায়াবেটিস সেন্টারের ভবন। তবে ভবন নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়নি, চালু হয়নি চিকিৎসাসেবা কার্যক্রমও। ফলে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা পাওয়ার সম্ভাবনা তৈরি হলেও বাস্তবে তা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার অসংখ্য ডায়াবেটিস রোগীরা।
উপজেলার মীরগঞ্জ ভূমি অফিস-সংলগ্ন এলাকায় অবস্থিত এ ভবনটি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা ও প্রত্যাশা রয়েছে। স্থানীয়দের ধারণা, ২০০২ থেকে ২০০৪ সালের দিকে ডায়াবেটিস সেন্টারের ভবন নির্মাণ করা হয়। তবে ভবনটিতে কোন ফলক না থাকায় নির্মাণের সঠিক সাল বা তারিখ নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের পর থেকে কখনোই এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। চালু হয়নি কোনো চিকিৎসাসেবা কার্যক্রম। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে ভবনটি। অথচ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য বাঘা উপজেলা থেকে জেলা শহরসহ দূরবর্তী চিকিৎসাকেন্দ্রে যেতে হচ্ছে।
প্রশ্ন উঠেছে, ভবনটি নির্মাণের সময় নিশ্চয়ই কোনো প্রকল্প অনুমোদন কিংবা অর্থায়নের ব্যবস্থা ছিল। সরকারি অর্থায়নে নির্মাণ করা অর্থের বরাদ্দ, দরপত্র বিজ্ঞপ্তি, কার্যাদেশ, ঠিকাদার নিয়োগ, নির্মাণ ব্যয় এবং কাজ সম্পন্ন হওয়ার নথি কোথায়? কোন দপ্তর বা সংস্থার মাধ্যমে ভবনটি নির্মাণ করা হয়েছিল, সেটিও এখনো স্পষ্ট নয়।
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল বলেন, এতোটা বছর কেটে গেলো তবুও সরকারি অর্থায়নে নির্মিত এই ভবন আজও নিস্ক্রিয়। অদৃশ্য কারনে চালু করা হয়নি ডায়াবেটিস সেন্টারটি। এটি চালু হলে অনেক অসহায় মানুষ সহজেই চিকিৎসা সেবা পাবে। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে ডায়াবেটিস সেন্টারটি চালু করার জোর দাবি জানাচ্ছি।
এদিকে ভবনটির নির্মাণপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নথিপত্র ও রেকর্ড সংক্রাত জটিলতা থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অমিত কুমার সরকার কোন বক্তব্য দিতে রাজি হননি।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তকি ফয়সল তালুকদার বলেন, মীরগঞ্জ ভূমি অফিসের পাশে একটি পরিত্যক্ত ভবন রয়েছে। স্থানীয় ভাবে জানতে পেরেছি ভবনটি ডায়াবেটিস সেন্টারের নামে তৈরি করা হয়েছিল। এ ব্যাপারে ওই ইউনিয়নের ভূমি কর্মকর্তা কে একটি লিখিত প্রতিবেন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এমপি মহোদয়ের সাথে কথা হয়েছে। এখন যেহেতু ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশী তাই সংশ্লিষ্টদের সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা জরাজির্ণ ভবনটি যথাযথ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে দ্রুত চালু করা হোক। এতে বাঘা উপজেলার ডায়াবেটিস রোগীরা নিজ এলাকায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
প্রায় দুই দশক ধরে দাঁড়িয়ে থাকা একটি ভবন মানুষের চিকিৎসাসেবায় কাজে লাগবে, নাকি অব্যবহৃত অবস্থাতেই পড়ে থাকবে—এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাঘার স্থানীয় মানুষের মধ্যে।
ভোরের আকাশ/ এনউব