আনসার সদস্যের গোপন তথ্যে ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। স্থানীয় আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশরের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) বাইশারী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের তথ্যভিত্তিক সহযোগিতা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের বিষয়টি স্থানীয় আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশরের নজরে আসে। তিনি দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানকারী দল মোটরসাইকেলটির গতিরোধের চেষ্টা করে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক সেটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা মোটরসাইকেলটি ডিসকাভার ১২৫ সিসি মডেলের। উদ্ধার করা ইয়াবার আনুমানিক জব্দমূল্য প্রায় ৬ লাখ টাকা।
মাদকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছেন। নাইক্ষ্যংছড়িতে ইয়াবা উদ্ধারের এ ঘটনা মাদক পাচার প্রতিরোধে তথ্য সংগ্রহ, স্থানীয় পর্যায়ে সচেতনতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে।
ভোরের আকাশ/জেআ