এক বছরের মধ্যে চালুর আশ্বাস প্রতিমন্ত্রীর
২৩ বছরেও শেষ হয়নি কায়েতপাড়া-নগরপাড়া সেতু

সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতুর নির্মাণকাজ আগামী এক বছরের মধ্যে সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
তিনি বলেন, সেতুটি চালু হলে ঢাকার পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
বৃহস্পতিবার (১৮ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা সেতু ও কায়েতপাড়া-নগরপাড়া সেতু পরিদর্শন শেষে নগরপাড়ায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “বালু নদের ওপর নির্মাণাধীন এ সেতু শুধু রূপগঞ্জবাসীর জন্য নয়, বরং রাজধানী ঢাকা ও পূর্বাঞ্চলীয় জেলার যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্বার্থান্বেষী মহলের কারণে দীর্ঘদিন ধরে সেতুর কাজ বাধাগ্রস্ত ছিল। বর্তমান সরকার এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে।”
তিনি আরও বলেন, “ঢাকার মাদারটেক, সবুজবাগসহ পূর্বাঞ্চল থেকে বালু নদের সেতু ব্যবহার করে সিলেট ও চট্টগ্রামগামী যানবাহন সহজে চলাচল করতে পারবে। এতে সময় ও খরচ উভয়ই কমবে এবং ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে ইতিবাচক প্রভাব পড়বে।”
সভায় উপস্থিত ছিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন এবং সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার পর প্রায় ২৩ বছর পেরিয়ে গেলেও তা এখনো সম্পূর্ণ হয়নি। ফলে এলাকার লাখো মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারের নতুন আশ্বাস বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন আসবে।
ভোরের আকাশ/ র.ই