বেড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শাড়ি বিতরণ

পাবনার বেড়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৪:০০টায় বেড়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপহার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনান্ট চাকমা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুনান্ট চাকমা বলেন, "শারদীয় দুর্গোৎসবকে উৎসবমুখর, আনন্দময় ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে।" একই সাথে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশাসন সর্বদা পাশে থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।
প্রধানমন্ত্রীর এই উপহার প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে বেড়া পৌরসভার দাসপাড়া পূজা কমিটির সভাপতি ও বেড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ বসন্ত দাস বলেন, "পূজার প্রাক্কালে প্রধানমন্ত্রীর পাঠানো এই উপহার সনাতন ধর্মাবলম্বী মানুষদের সার্বজনীন আনন্দের মাত্রাকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।" তিনি আরো বলেন, এবারের পুজা উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিবেশ সন্তোষজনক থাকায় প্রশাসনের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব