সিরাজগঞ্জে মাইক্রোবাস চাপায় বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় দ্রুতগতির মাইক্রোবাস চাপায় আব্দুল মুন্নাফ শেখ (৭০) নামে এক বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভিক্ষুক আব্দুল মুন্নাফ শেখ (৭০) সদর উপজেলার বহুলী ইউনিয়নের খাগা গ্রামের মৃত আজিমউদ্দিন শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার( ২৪জুন) আনুমানিক বেলা ১টার দিকে আব্দুল মুন্নাফ শেখ জীবিকার তাগিদে বিভিন্ন গ্রামে ঘুরে ভিক্ষা করে বাজারে তরিকুলের মনোহারী দোকানে তার ভিক্ষার ব্যাগ রাখে। পরে একটি দাওয়াতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় সিরাজগঞ্জ থেকে কাজীপুরগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের পাশে ছিটকে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। দুর্ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/এনউব