কমলনগরে মা ইলিশ শিকারে ১১ জেলের কারাদণ্ড

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইনের নেতৃত্বে শুক্রবার দুপুর ৩টার দিকে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. ওসমান, মো. কাদির, মো. রাকিব, মো. আকরাম, মো. আকতার হোসেন, মো. হাসান, মো. আজগর, আবদুল গনি, মো. রাসেল, মো. বাচ্চু মাঝি ও মো. শাহাদাত।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মাতাব্বরহাট থেকে মতিরহাট এলাকা পর্যন্ত মেঘনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য কার্যালয় ও কোস্ট গার্ড। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ১১ জেলেকে আটক করা হয়। পাশাপাশি জব্দ করা হয় প্রায় ২ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ।
পরে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, মৎস্যসম্পদ রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/সু.পা