নাসিরনগরে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাকি আক্তার (২৮) নামের এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি উপজেলার গুনিয়াউক ১০ শয্যার হাসপাতালে একজন সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। স্বাস্থ্যকেন্দ্রের পাশেই একটি বাড়িতে ভাড়ায় থাকতেন তিনি।
তাঁর শ্বশুরবাড়ি জেলার আখাউড়া উপজেলায়। লাকি আক্তার পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামনকুমার ইউনিয়নের রামপুর গ্রামের মো. সামসুল হুদার মেয়ে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত হুমায়ুন কবীরের ছেলে শরীফ আহমেদের (৩৫) সঙ্গে ৮-১০ বছর আগে লাকির বিয়ে হয়। লাকি নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের মুন্সী মুজাহিদ আলীর বাড়ির ২য় তলায় ভাড়া থাকতেন।
বুধবার সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নিজের কর্মস্থল গুনিয়াউক ১০ শয্যা বিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন। বিকেল সাড়ে ৪টার দিকে ভাড়া বাসার ২য় তলায় পাখার লোহার হুকের সঙ্গে গলায় লাইলনের রশি প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার করেন।
খবর পেয়ে সন্ধ্যায় নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন নোমান মিয়া জানান, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাসিরনগর থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, একজন সিনিয়র স্টাফ নার্স আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ভোরের আকাশ/ র.ই