শিবগঞ্জে ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চককীর্তি ইউনিয়নের পুস্কুনি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আয়েস উদ্দিন, তার ছেলে শরিফুল ইসলাম এবং আব্দুল হাকিম। তারা সবাই শিবগঞ্জের কানসাট এলাকার বাসিন্দা।
স্বজনরা জানান, সোনাইচণ্ডী হাট থেকে গরু কিনে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উল্টে যায়। ঘটনাস্থলেই আয়েস উদ্দিন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে তার ছেলে শরিফুল মারা যান।
পরে চিকিৎসাধীন অবস্থায় অপর এক ভুক্তভোগী আব্দুল হাকিমের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন ও উদ্ধারকাজ পরিচালনা করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/এম