রূপগঞ্জে অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী গন্ধর্বপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন তারাবো পৌরসভার তালতলা এলাকার হামিদ প্রধানের ছেলে মোজাম্মেল প্রধান (৪৫) এবং আমির হোসেনের ছেলে সাব্বির আহমেদ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে সিটি গ্রুপের অটো রাইস মিলে শ্রমিকরা নিয়মিত কাজ করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ মিলের বয়লার ভাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের সময় মোজাম্মেল প্রধান ও সাব্বির আহমেদ দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বয়লারটি কী কারণে বিস্ফোরিত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার পর কারখানার নিরাপত্তাব্যবস্থা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে সিটি গ্রুপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের কারখানার ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। দুর্ঘটনা সম্পর্কেও কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত দগ্ধ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা