সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে কর্মরত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাংবাদিক রফিকুল ইসলাম মানিক, ও হেলাল উদ্দিন উজ্জ্বল প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য গভীর উদ্বেগ ও বেদনার বিষয়। একজন সাংবাদিককে হত্যা করে স্বাধীন সাংবাদিকতা ও সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যায় না। এ ধরনের নৃশংস ঘটনা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। অথচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাঁদের জীবন দিতে হয়, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব।
বক্তারা, আলিফসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন।
ভোরের আকাশ/ এনউব