শৈলকুপায় মসজিদের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জালিয়া পাড়া জামে মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা এবং আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সকালে এই কমিটি গঠন নিয়ে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় উত্তেজিত গ্রামবাসী বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, মসজিদের ইমাম পরিবর্তন করতে নতুন কমিটি গঠন নিয়েই মূলত ঘটনার সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কোনও পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
ভোরের আকাশ/ র.ই