হিজবুল্লাহর ‘মারণফাঁদে’ ভেস্তে যাচ্ছে ইসরায়েলি অভিযান

লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উন্নত ড্রোন সক্ষমতার কারণে সামরিক অভিযানের পরিকল্পনা হাতে নিতে হিমশিম খাচ্ছে ইসরায়েলি বাহিনী। এসব ড্রোনের নজরদারি এড়াতে দিনের পরিকল্পনা সরিয়ে রাতে নিলেও বেস্তে যাচ্ছে পুরো অভিযান।
শুধু তাই নয়, বরং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর এসব ড্রোন সক্ষমতাকে ‘বড় হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন। ইসরায়েলের কান নিউজের বরাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি।
প্রতিবেদন বলা হয়েছে, হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম পরিচালনার স্বাধীনতাকে মারাত্মকভাবে সীমিত করে ফেলেছে। ইসরায়েলি সামরিক অভিযানের প্রায় ৮০ শতাংশই ব্যাহত হচ্ছে এসব ড্রোনের নজরদারিতে।
এ ছাড়া দিনের বেলায় হিজবুল্লাহর ড্রোনের নজরদারি এড়াতে সেনা চলাচল ও হামলা রাতের বেলায় সরিয়ে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। কিন্তু এরপরও বেশ কিছু অভিযান পুরোপুরি বাতিল করা হয়েছে। হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে দখলদার বাহিনীর হতাহতের সংখ্যাও বাড়ছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তারা।
কান নিউজ আরো জানায়, ইসরায়েলি সেনাবাহিনীতে ড্রোন প্রতিরোধী সরঞ্জামের ঘাটতি রয়েছে। অন্যদিকে দক্ষিণ লেবাননজুড়ে হিজবুল্লাহর প্রায় ১০০ ড্রোন অপারেটর মোতায়েন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ড্রোন প্রতিরোধী ব্যবস্থা বর্তমানে প্রতিটি সামরিক ইউনিটের সীমিত সংখ্যক সদস্যের কাছেই রয়েছে। কয়েকদিন আগেও ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে স্বীকার করেছিলেন, হিজবুল্লাহর দ্রুত উন্নত ড্রোন প্রযুক্তি তাদের সামরিক বাহিনীকে অপ্রস্তুত অবস্থায় ফেলেছে।
বিশ্লেষকদের মতে, হিজবুল্লাহ এখন এমন ফাইবার-অপটিক ড্রোন ব্যবহার করছে যা প্রচলিত জ্যামিং ও ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এসব ড্রোনে রেডিও সিগন্যালের পরিবর্তে অত্যন্ত পাতলা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহৃত হয়।
ফলে সেগুলো শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। হিজবুল্লাহর ড্রোন সক্ষমতাকে ‘বড় হুমকি’ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরির নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এদিকে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এপ্রিল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রায় ২৩০টি প্রজেক্টাইল ও ১০০টির বেশি বিস্ফোরক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
ভোরের আকাশ/নি