সিদ্ধিরগঞ্জে তেলবাহী লরির ট্যাঙ্কির বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু, আহত ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নিশ ওয়েল বহনকারী ট্যাঙ্ক লরির খালি ট্যাঙ্ক পরিস্কার করতে গিয়ে ফার্নিশ অয়েলের বিষাক্ত গ্যাসে মো. রাতুল (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এসময় মো. ফারুক (৪২) নামে আরও একজন বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আহত অবস্থায় আইসিইউতে চিকিসাধীন রয়েছেন বলে জানা গেছে।
রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টায় নাসিক ৮নং ওয়ার্ডের ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে রেল লাইন সংলগ্ন সাইজুদ্দিন মাতবরের ছেলে মারুফের ফার্নিশ ওয়েল হাউজে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ধনুকুন্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে। তিনি ওই ট্যাংক লরির হেলপার হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে আহত ব্যক্তির নাম মো. ফারুক। তিনি সাইজুদ্দিন মাতবরের ছেলে মারুফের ফার্ণিশ হাউজের ম্যানেজার ছিলেন।
জানা গেছে, ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে রেল লাইন সংলগ্ন সাইজুদ্দিন মাতবরের ছেলে মারুফ নামক ব্যক্তির মালিকানাধীন ফার্নিশ ওয়েল হাউজের সামনে ফার্নিশ ওয়েল বহনকারী একটি ট্যাঙ্ক লরির ট্যাঙ্কি পরিস্কার করতে লরির হেলপার রাতুল ট্যাঙ্কির ভেতরে প্রবেশ করেন।
তখন ফার্নিশ ওয়েলের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি মারুফের ম্যানেজার মো. ফারুক বুঝতে পেরে তাৎক্ষণিক রাতুলকে উদ্ধারে ট্যাংকির ভেতরে প্রবেশ করলে তিনিও গ্যাসে অসুস্থ্য হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন তাদের উভয়কে অচেতন অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ সরকারি হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতুলকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে ম্যানেজার ফারুক আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিসাধীন রয়েছেন বলে জানা গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভোরের আকাশ/রই