পাবনায় কুকুরছানা হত্যা মামলায় নিশি রহমানের জামিন মঞ্জুর

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যা মামলায় সরকারি কর্মকর্তার স্ত্রী গৃহবধু নিশি রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলী আদালত-২ এর বিচারক তরিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকা জানান, রবিবার (৭ ডিসেম্বর) আসামির জামিন শুনানীর দিন ধার্য ছিল। বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে। পরবর্তী হাজিরা তারিখ আগামী বছরের ১১ জানুয়ারি।
পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে রাষ্ট্রপক্ষকে সহায়তার জন্য অ্যাডভোকেট মোশফেকা জাহান কণিকাকে নিয়োগ করা হয়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এরশাদ আলী।
ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়ন এর স্ত্রী জীবন্ত আটটি কুকুর ছানাকে বস্তার মধ্যে বেঁধে রবিবার রাতের কোনো এক সময় ফেলে দেন উপজেলা পরিষদের পুকুরে। পরদিন সোমবার সকালে পুকুর থেকে উদ্ধার করা হয় কুকুরছানাগুলোর মরদেহ।
এ ঘটনায় মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে নিশি রহমানকে আসামি করে থানায় মামলা করেন। পরে রাতেই ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পরদিন
বুধবার (৩ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।
ভোরের আকাশ/জাআ