মাহে রমজান উপলক্ষে ফুলবাড়ী সমিতির ইফতার মাহফিল

পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ধারণ করে ফুলবাড়ী সমিতি, ঢাকার উদ্যোগে মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা গণভবন সংলগ্ন ফ্যামিলি ওয়ার্ল্ড বেন কুইট হলে আয়োজিত ইফতার মাহফিলটি ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির সভাপতি প্রখ্যাত নিউরো সার্জন অধ্যাপক ডা. মো.রেজাউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ এস এম জাফর সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা.মো. রেজাউল আলম বলেন, পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ধারণ করে এই ইফতার মাহফিলকে সৌহার্দ্য -সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের লক্ষ্য। এই তাৎপর্যপূর্ণ আয়োজনের মাধ্যমে সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রাক্তন যুগ্ম সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান শাহ বক্তব্যে বলেন, এ মাস কেবল উপবাসের মাস নয়, বরং এটি আত্মশুদ্ধি ও মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে নিজেকে মুত্তাকী হিসেবে গড়ে তোলার মাস।
ফুলবাড়ী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও দৈনিক ভোরের আকাশের প্রধান সম্পাদক মো. জাহের উদ্দিন সরকার আলোচনায় বলেন, মাহে রমাদান আমাদের শৃঙ্খলা ও মানবিকতা শিক্ষা দেয়। সেই শিক্ষা নিয়ে বৈষম্যমুক্ত জনকল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম জাফর সাদিক সোহেল তার বক্তব্যে বলেন, এমন বৃহৎ আয়োজনে সংগঠনের সংহতি জোরদার হওয়ার পাশাপাশি সাংগঠনিক সক্রিয়তা আরো বৃদ্ধি পায়। বিশেষ করে রমাদানের মতো পবিত্র মাসে সামাজিক ও মানবিক বার্তা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অর্থ সম্পাদক একেএম মাহবুব আলম হিরা দৈনিক ভোরের আকাশকে জানান, ইফতার মাহফিলে সুসংগঠিত ব্যবস্থাপনা, অতিথি অভ্যর্থনা, আসন গ্রহণ, পর্যাপ্ত ইফতার সামগ্রী, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় স্বেচ্ছাসেবক টিম গঠন করে দায়িত্ব বন্টন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, নির্বিঘ্নে সফলভাবে ফুলবাড়ী সমিতির ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সার্বিক প্রস্তুতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
আলোচনা শেষে ইফতার মাহফিলেরপূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সংগঠনের পৃষ্ঠপোষক মো. হামিদুল হক চৌধুরী।
মুনাজাত পরিচালনাকালে মাহফিল জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সংগঠনের সকল সদস্যবৃন্দ, গুণীজন ও ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই