ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরে তাকে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এই প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। তবে আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি হিসেবে যোগ দেন মো. মাহফুজ আফজাল। এসপি মাহফুজ আফজালের দায়িত্বকালে জেলায় দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধে সংঘর্ষ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া গত ২৪ মার্চ মহেশপুরে সস্তার বাঁওড়ে গোসলে গিয়ে আশিক আহম্মেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়। সেই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করার চেষ্টা হলেও সাপের কামড়ে মৃত্যু হয়েছে বলে পুলিশের পক্ষ থেসে জানানো হয়। সবশেষ গতকাল বৃহস্পতিবার ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে।
এসব ঘটনাকে কেন্দ্র করে তার প্রত্যাহার হতে পারে বলে জেলার সচেতন মহলে গুঞ্জন রয়েছে।
ভোরের আকাশ/এনউব