নওগাঁর পোরশায় ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

নওগাঁর পোরশা উপজেলায় আকস্মিক ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠের পাকা আমন ধান। শিলাবৃষ্টির আঘাতে ধানের শিষ ভেঙে ও ঝরে জমিতে পড়ে থাকায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। সারা বছরের পরিশ্রমে ফলানো সোনার ফসল ঘরে তোলার আগেই বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তারা।
গত বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে শুরু হয় মেঘের গর্জন ও বিদ্যুৎ চমকানো। প্রথমে হালকা বৃষ্টি ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি শুরু হলেও কিছুক্ষণের মধ্যে তা মুষলধারে বৃষ্টিতে রূপ নেয়। বৃষ্টির শেষ দিকে সন্ধ্যার আগে প্রায় পাঁচ মিনিট ধরে ব্যাপক শিলাবৃষ্টি হয়।
এতে পোরশা উপজেলার বিভিন্ন এলাকার মাঠে কাটার অপেক্ষায় থাকা পাকা আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে ধানের শিষ ভেঙে ও দানা ঝরে জমিতে পড়ে রয়েছে। কৃষকদের দাবি, কোনো কোনো জমির প্রায় ১২ আনা ধানই ঝরে গেছে। ফলে পাকা ধান ঘরে তোলার আগেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা।
স্থানীয় কৃষকরা জানান, ধান পাকার পর কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। ঠিক এমন সময় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি তাদের সব স্বপ্ন ভেঙে দিয়েছে। শুধু আমন ধান নয়, শিলাবৃষ্টিতে বিভিন্ন ধরনের শাকসবজি ও আগাম রবি ফসলেরও ক্ষতির আশঙ্কা করছেন তারা।
পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের ছাওড় গ্রামের কৃষক আমানউল্লাহ বলেন, ‘এ বছর ২৫ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছিলাম। কিন্তু হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টিতে আমার ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ফসল উৎপাদনে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে।’
একই ধরনের ক্ষতির কথা জানিয়েছেন তৈতুঁলিয়া ইউনিয়নের কৃষক আবুল হোসেন। তিনি বলেন, আকস্মিক শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে এ বছর ধান চাষ করে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তিনি।
আকস্মিক এই বৈরী আবহাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, দ্রুত মাঠপর্যায়ে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তার ব্যবস্থা করা হোক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ‘হঠাৎ ঝড় ও শিলাবৃষ্টির কারণে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।’
ভোরের আকাশ/সু.পা