শিবগঞ্জে বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেরিবাঁধ সংলগ্ন একটি লিচু বাগান থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১-এর একটি আভিযানিক দল শুক্রবার রাতে নিয়মিত টহল ও মাদক উদ্ধার অভিযানে বের হয়। রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঘোড়াপাখিয়া ইউনিয়নের জনৈক পলাশের লিচু বাগানে দুটি সন্দেহভাজন প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের দলটি
ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগ দুটি তল্লাশি করে।
রাত সাড়ে ১০টার দিকে ব্যাগগুলো থেকে ৩ কেজি ৬০৬ গ্রাম গান পাউডার সদৃশ পদার্থ (সাদা, কালো ও হলুদ রঙের), ৮৫৫ গ্রাম কাঁেচর গুঁড়া,৮০২ গ্রাম পাথর,১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ০২টি লাল রঙের কসটেপ এবং ০৬টি গ্যাস লাইটারসহ সরঞ্জামগুলো জব্দ করা হয়।
অভিযান চলাকালীন ঘটনাস্থলের আশেপাশে কাউকে পাওয়া যায়নি এবং এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/মো.আ.