ফুলবাড়ীয়ায় জামায়াতের সংবাদ সম্মেলন
পিআর পদ্ধতি জনদাবিতে পরিণত হয়েছে : অধ্যক্ষ কামরুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলবাড়ীয়া আসনের মনোনীত প্রার্থী, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেছেন, পি.আর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামী আজ সোচ্চার যে কারণে, সেটা হলো সবার ভোটটা যেন কাজে লাগে। পিআর পদ্ধতি আজ জামায়াতের দাবি নয়, এটা এখন জনদাবিতে পরিণত হয়েছে।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেটা যেন তড়িঘড়ি করে শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন না হয়। এক সরকার গেছে, আরেক সরকার আসবে-এ জন্য কিন্তু এদেশর মানুষ রক্ত দেয়নি, হাজার হাজার মানুষ জীবন দেয়নি, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসেনি। আমাদের স্বাধীনতার সংগ্রাম যে কারণে হয়েছিল সেটা হলো- সাম্য প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠা। ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠাকে পাশ কাটিয়ে যেন-তেন একটা নির্বাচন যেন না হয়, তার জন্য জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দলটির কার্যালয়ে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ ও সমাবেশ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ কামরুল হাসান মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত দিনে দেখা গেছে ১০টি হোন্ডা, ২০টি গুন্ডা, নির্বাচন ঠান্ডা- এ ধরনের নির্বাচন দেশের জনগণ আর মেনে নিবে না। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করবে।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফজলুল হক শামীম, সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, কর্মপরিষদ আব্দুর রউফ রাব্বানী, আব্দুল মজিদ, পৌর আমির আব্দুল খালেক ও জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ভোরের আকাশ/মো.আ.