কুলাউড়ায় মাটির দেয়াল কাটতে গিয়ে চাপায় পরে মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রামে মাটির ঘরের দেয়ালের চাপায় পড়ে সেলিম আহমদ (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম আহমদ একই গ্রামের মৃত রফিক উদ্দিন ও সরজান বেগমের ছেলে। তিনি পেশায় একজন কাটমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেলিম আহমদ নিজের পুরোনো কাঁচা ঘরের দেয়াল ভেঙে নতুন ঘরের ভিটা তৈরির জন্য মাটি সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ ঘরের একটি মাটির দেয়াল ভেঙে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতরভাবে চাপা পড়ে যান।
তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মাটির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম আহমদের মা বর্তমানে পবিত্র উমরাহ পালন করতে মক্কাতে অবস্থান করছেন।
নিহতের বড় ভাই রহিম উদ্দিন জানান, আমার ভাই নিজের ঘরের দেয়াল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় আমাদের কোনো অভিযোগ নেই। আমরা প্রশাসনের কাছে পোস্টমর্টেম ছাড়াই দাফনের অনুমতি চাই।
এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য মাসুদ রানা আব্বাস বলেন, সেলিম আহমদ নিজের ঘরের মাটির দেয়াল কাটার সময় দেয়ালের চাপায় পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার এসআই সাগর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে দাফনের জন্য আবেদন করার কথা বলা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব