বাগেরহাটে ‘সম-নাগরিকত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব (ADAB) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ‘সম-নাগরিকত্ব’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ১২ টায় বাগেরহাট সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।
সেমিনারে সভাপতিত্ব করেন এডাব বাগেরহাট জেলা শাখার সভাপতি ঝিমি মন্ডল এসময় স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সদস্য সচিব মো. কামরুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা ও ধারণাপত্র উপস্থাপন করেন এডাব বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি এম. এ. সালাম শেখ।
সেমিনারে সম-নাগরিকত্ব, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সম-নাগরিকত্বের চর্চা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ ও সক্রিয় অংশগ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
ভোরের আকাশ/ র.ই