সিরাজগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশি নেওয়া এবং মেয়াদোত্তীর্ন পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করায় সিরাজগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত সিরাজগঞ্জ শহরে এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের বাজারে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা বলেন, রুপচাঁদা ও পুষ্টি ব্র্যান্ডের ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক ছিল। রুপচাঁদার ডিলার সঞ্জয় এন্ড ব্রাদার্সে প্রায় ২৩ হাজার লিটার সয়াবিন মজুদ ছিল যা ব্যবসায়ী পর্যায়ে সরবরাহ করা হচ্ছে। দাম যাচাই করা হয়। দাম বেশি নেয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
বাজারে ভোজ্য তেল বা নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের ভোক্তা অধিদপ্তর ও টাস্কফোর্সের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়। পরে পুষ্টির ডিলার মেসার্স আল আমিন এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ন পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করা-সহ বিভিন্ন অনিয়মে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এলপিজি গ্যাসের দাম বেশি নেওয়ার অভিযোগে মেসার্স নিপু এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন।
দাম নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল রানা।
ভোরের আকাশ/ র.ই