ঈদগাঁওয়ে সরকারি মাসিক ভাতার আওতায় ৭টি মসজিদ-মন্দির

ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে নিয়োজিত জনবলকে মাসিক ভাতা প্রদানের কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাঁচটি মসজিদ ও দুটি মন্দির সরকারি মাসিক ভাতা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হয়েছে।
সুত্রে জানা গেছে, উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে একটি করে মোট পাঁচটি মসজিদ ভাতা কর্মসূচির তালিকায় স্থান পেয়েছে। মসজিদগুলো হলো—ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী কেন্দ্রীয় জামে মসজিদ, ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা কেন্দ্রীয় জামে মসজিদ, ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া জামে মসজিদ, জালালাবাদ ইউনিয়নের রবার ড্যাম জামে মসজিদ এবং পোকখালী ইউনিয়নের উত্তর গোমাতলী জামে মসজিদ।
এছাড়া ঈদগাঁও উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির এবং ইসলামাবাদ হিন্দুপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরও মাসিক ভাতার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা উত্তম রায় পুলক।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের কর্মকর্তা ও ঈদগাঁও উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, সরকারি এই কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদের ইমাম মাসিক ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে মন্দিরের পুরোহিত পাবেন মাসিক ৮ হাজার টাকা এবং সেবাইত পাবেন ৩ হাজার টাকা।
তিনি আরও জানান, ইতোমধ্যে নির্বাচিত মসজিদ ও মন্দিরগুলোর তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এরই মধ্যে ভাদিতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম তাদের নির্ধারিত ভাতা পেয়েছেন।
ভোরের আকাশ/এসএইচ